নিখোঁজ হওয়া ঐ গৃহবধূ আখাউড়ার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামের আতাউর রহমান ভুঁইয়ার স্ত্রী। তার তিন মেয়ে হলো- তাবাসসুম আক্তার (১০), তানিশা আক্তার (৭) এবং হুমায়রা আক্তার (৫)।
শুক্রবার (৭ জুন) থেকে তারা নিখোঁজ রয়েছেন। এ ঘটনার পর থেকে তাদের স্বজনরা আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ করেও কোনো সন্ধান পাননি। এ অবস্থায় স্ত্রী ও সন্তানের খোঁজে স্বামী আতাউর রহমান ভুঁইয়া পাগলপ্রায়। এ ঘটনায় শনিবার দুপুরে নিখোঁজ গৃহবধূর বাবা মো. আব্দুল আউয়াল ভুঁইয়া বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
.png)
স্বামী আতাউর রহমান বলেন, ‘গত রোববার আমার স্ত্রী তিন মেয়েকে নিয়ে তার বাবার বাড়ি বিজয়নগর উপজেলার মিরাশানী (ভুঁইয়া বাড়ি) বেড়াতে যায়। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তারা আমাদের বাড়িতে আসতে পরিচিত একটি অটোরিকশাযোগে বিজয়নগরের সিঙ্গারবিল বাজারে আসে। পরে ঐ অটোরিকশা থেকে নেমে অপরিচিত অন্য একটি অটোরিকশাতে তারা ওঠে। পরে সন্ধ্যা গড়িয়ে গেলেও স্ত্রী-সন্তানরা বাড়িতে আসেনি। পরে আমি আমার শ্বশুরকে ফোন করে জানতে পারি তারা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। তখন আশপাশের আত্মীয়স্বজন, হাসপাতালসহ বিভিন্ন এলাকায় খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। স্ত্রীর সঙ্গে কোনো মোবাইল ফোনও নেই।’
অটোচালক সুমন বলেন, ‘আমি তাদের বাড়ির সামনে থেকে সিঙ্গাবিল বাজার পর্যন্ত নিয়ে আসি। পরে আখাউড়া বাইপাস পর্যন্ত যাওয়ার জন্য অন্য একটি অটোরিকশায় তুলে দেই।’
বিজয়নগর থানার ওসি মো. আসাদুল ইসলাম জিডি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে এক গৃহবধূ তিন সন্তানসহ নিখোঁজের একটি জিডি পেয়েছি। বিষয়টি নিয়ে আমাদের তদন্ত চলছে।