ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে ৩ রোহিঙ্গা নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫১, ১০ জুন ২০২৪
উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে ৩ রোহিঙ্গা নিহত
ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে তিনজন রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আহতদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১০ জুন) ভোরে উখিয়ার ৪ নম্বর (এক্সটেনশন) রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শামীম হোসেন। পুলিশের দাবি- আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

Advertisement

নিহতরা হলেন, ৪ নম্বর ক্যাম্পের এফ ব্লকের জাফর আহম্মদের ছেলে ইলিয়াছ (৩১), মৃত আব্দুর রকিমের ছেলে ইছহাক (৫৪) ও ৩ নম্বর ক্যাম্পের ই ব্লকের ইসমাইলের ছেলে ফিরোজ খান (১৮)।

আহতরা হলেন- ৪ নম্বর ক্যাম্পের এফ ব্লকের হাছনের ছেলে আব্দুল হক (৩২), নজির আহাম্মদের ছেলে আব্দুস শুক্কুর (৫৫) ও মৃত ওমর মিয়ার ছেলে আব্দুল মোনাফ (৬০)।

ক্যাম্পের রোহিঙ্গারা জানান, ভোর ৪টার দিকে রোহিঙ্গা ইলিয়াছকে সন্ত্রাসী সংগঠন আরএসও সদস্যরা গুলি করেন ও ধারালো অস্ত্র দিয়ে হাতে, পায়ে, তলপেটে কুপিয়ে মারাত্মক জখম করেন। পরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান।

এরপরে, ভোর সাড়ে ৪টার দিকে আরেক সন্ত্রাসী সংগঠন আরসা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আরএসও সমর্থক মো. ইছহাক, ফিরোজ খান, আব্দুল হক, আব্দুস শুক্কুর ও আব্দুল মোনাফকে শরীরের বিভিন্ন স্থানে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।

জানা গেছে, প্রথমে নিহত রোহিঙ্গা ইলিয়াছ আরসার সোর্স হিসেবে কাজ করতেন। আরসা সম্পর্কে তথ্য দিতে রাজি না হওয়ায় আরএসও সদস্যরা প্রথমে তাকে হত্যা করেন। পরে ঘটনার খবর পেয়ে আরসা সদস্যরা এসে কয়েকজন আরএসও সমর্থকের ওপর এলোপাতাড়ি হামলা চালান।

ঘটনার পরে আহত রোহিঙ্গাদের চিকিৎসার জন্য উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইছহাক ও ফিরোজ খানকে মৃত ঘোষণা করেন। বাকিদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি শামীম হোসেন জানান, মরদেহগুলো মর্গে রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. ইকবাল বলেন, একজন ঘটনাস্থলে মারা গেছেন। দু’জন আহত অবস্থায় হাসপাতালে মারা যান। বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!