মঙ্গলবার (১১ জুন) দুপুর ১টার দিকে ফরিদপুর সদরের কানাইপুরের করিমপুর এলাকা থেকে চালসহ ট্রাকটি জব্দ করা হয়।
আটক চালকের নাম শেখ জাফর। তিনি জেলা সদরের বাখুন্ডা এলাকার শেখ জালালের ছেলে। অপর আটক হেলপার সুমন চোকদার সদরের পশরা এলাকার সাদেক চোকদারের ছেলে।
.png)
আটকের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের কোতয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামান।
তিনি বলেন, ‘ফরিদপুরের সদরপুর উপজেলা সরকারী খাদ্য গুদাম হতে ট্রাকযোগে সরকারি চাল পাচারকালে তাদের আটক করা হয়েছে। এ সময় একটি ট্রাকসহ ২০ মেট্রিক টন চাল জব্দ করা হয়েছে। পরবর্তীতে ট্রাক, চাল ও আটকদের সদরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।’
এ ব্যাপারে সদরপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘ট্রাকের চালসহ আটক হওয়া দুইজনকে থানায় আনা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো যাবে।’
ফরিদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফরহাদ খন্দকার বলেন, ‘এটা আমাদের চাল না। জিআর খাতের চাল। যেটা সদরপুর খাদ্য গুদাম থেকে রিকুইজিশন সাপেক্ষে চালগুলো দেওয়া হয়েছিল। হয়তো কয়েকজনের চাল একসঙ্গে করে ট্রাকে নিচ্ছিলেন। তবে, এ ব্যাপারে আরো বিস্তারিত খোঁজ খবর নিয়ে দেখবো।’