রাতভর প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণ শেষে রেখে যায় ৩ কিশোর
সাতক্ষীরার দেবহাটায় এক বুদ্ধি প্রতিবন্ধী (২৪) তরুণীকে গণধর্ষণের ঘটনায় জড়িত ৩ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ জুন) ভোররাতে উপজেলার কুলিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গণধর্ষণের শিকার ভিকটিম তরুণী সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের মেয়ে।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার উত্তর কুলিয়ার আব্দুল আলিম কারিকরের ছেলে আব্দুল করিম (১৯), একই গ্রামের মহিদুল ইসলামের ছেলে সাগর হোসেন রাইদ (১৬) ও গোলাম হোসেন সবুজের ছেলে নিরব হোসেন (১৩)।
ভিকটিমের মামা জানান, অভিযুক্ত কিশোররা আগে থেকেই তার প্রতিবন্ধী ভাগ্নিকে চিনতেন। তারা গত রোববার রাতে শ্রীরামপুর থেকে তার বুদ্ধি প্রতিবন্ধী ভাগ্নিকে কৌশলে ডেকে নেয়। পরে কয়েক কিলোমিটার দূরে দেবহাটা উপজেলার উত্তর কুলিয়ার জনৈক বাসিত চৌধুরীর নির্মাণাধীন খামারের পাশে নিয়ে রাতভর গণধর্ষণ শেষে ফেলে রেখে যায়। সারারাত নিখোঁজ থাকার পরদিন দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের সহায়তায় ওই ঘটনাস্থল থেকে উদ্ধার করে আইনি সহায়তার জন্য স্থানীয় থানায় নেন স্বজনরা। পরে ভিকটিমের জবানবন্দি মোতাবেক তার মা বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত তিন কিশোরকে গ্রেফতার করে পুলিশ।
দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের এবং অভিযুক্ত তিন কিশোরকে গ্রেফতার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিম তরুণীকে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ এবং গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।