ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মসজিদে মাইকিং করে তুমুল সংঘর্ষ, নিহত ১ 

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৯, ১২ জুন ২০২৪
মসজিদে মাইকিং করে তুমুল সংঘর্ষ, নিহত ১ 
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মসজিদে মাইকিং করে দু’পাড়ার লোকজনের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

বুধবার সকালে উপজেলার কাশিল ইউপির স্থলবল্লা গ্রামের উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার লোকজনের সঙ্গে সংঘর্ষের এ ঘটনা ঘটে।  

নিহত মনোয়ারা বেগম স্থলবল্লা উত্তরপাড়ার শওকত মিয়ার স্ত্রী। দুপক্ষের আহত ১৫ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আরো দুজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার কাশিল ইউপির স্থলবল্লা উত্তরপাড়ার শুকুর, জালাল, কালাম ও বিল্লালের সঙ্গে একই গ্রামের দক্ষিণপাড়ার আনু, সেলিম, শফি, এনামুল হক ও রাসেলদের জমি-জমা নিয়ে প্রায় ২০ বছর ধরে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে মঙ্গলবার বিকেলে গরুর হাট থেকে ফেরার সময় উত্তরপাড়ার কয়েকজনকে পথরোধ করে দক্ষিণপাড়ার লোকজন মারধর করে।

এ ঘটনায় বুধবার সকালে মসজিদে মাইকিং করে দা, ফালা, টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে উত্তরপাড়ার আনোয়ারের বাড়িতে হামলা চালায় দক্ষিণপাড়ার লোকজন। উত্তরপাড়ার লোকজনে প্রতিহত করতে গেলে দুপক্ষের মাঝে তুমুল সংঘর্ষের সৃষ্টি হয়। এ ঘটনায় সংঘর্ষ ফেরাতে গিয়ে মাথায় দেশীয় অস্ত্রের আঘাতে মনোয়ারা বেগম নামের ওই নারীর মৃত্যু হয়। দুপক্ষের অন্তত ২০ জন আহত হন। ঘটনার পরপরই পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাসাইল থানার এসআই মনোয়ার হোসেন বলেন, লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রয়েছে। এ ঘটনায় দুপক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ আতিক বলেন, হাসপাতালে একজনের লাশ রয়েছে। আহত অবস্থায় কয়েকজনকে আনা হয়েছে। তাদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!