বুধবার অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল ফারুক।
টানা তিন দিন ভবেরচর, বাউশিয়া ও গুয়াগাছিয়া ইউপির বিভিন্ন এলাকার অবৈধ গ্যাস সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করা হয়। সম্মিলিতভাবে এই লাইনগুলোর দৈর্ঘ্য প্রায় ২৯ কিলোমিটার। এসব অবৈধ লাইনের মাধ্যমে প্রায় ৭ হাজার অবৈধ সংযোগ চালু ছিল বলে জানিয়েছে তিতাস। অভিযানে প্রায় ৬ হাজার ফুট বিভিন্ন ধরনের পাইপ ও কয়েক হাজার রাইজার উঠিয়ে নিয়ে যায় তিতাস। গ্যাস চুরি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ১২ স্পটে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
.png)
তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম বলেন, শুধু জুন মাসে চার দিন গজারিয়া অভিযান পরিচালনা করেছি। টানা তিন দিন ধরে অভিযান চলছে। অভিযানের তৃতীয় দিন বুধবার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চাষি এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কিলোমিটার অবৈধ গ্যাস সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। তিন দিনের অভিযানে মোট ২৯ কিলোমিটার অবৈধ সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করা হলো। এ অভিযান চলমান থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন তিতাসের মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান, সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক (মিটার অ্যান্ড ভিজিল্যান্স) আতিকুল ইসলাম প্রমুখ।