ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘাস ক্ষেতে মিলল বিরল প্রজাতির বাঘ সাদৃশ্য ৩ শাবক

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৭, ২৩ জুন ২০২৪
ঘাস ক্ষেতে মিলল বিরল প্রজাতির বাঘ সাদৃশ্য ৩ শাবক
বিরল প্রজাতির বাঘ সাদৃশ্য তিনটি শাবক। ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় একটি নেপিয়ার ঘাস ক্ষেত থেকে বিরল প্রজাতির বাঘ সাদৃশ্য তিনটি শাবক উদ্ধার করা হয়েছে। 

শনিবার সকালে রায়পুর উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউপির চরলক্ষ্মী গ্রামের হারুনুর রশীদের ঘাস ক্ষেত থেকে এসব শাবক উদ্ধার করা হয়।

জানা যায়, শনিবার সকালে ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হারুনুর রশীদের গরুর খামারে কর্মরত শ্রমিক ইউসুফ ঘাস ক্ষেতে ঘাস কাটার সময় বাঘ সাদৃশ্য তিনটি শাবক দেখতে পান এবং সঙ্গে সঙ্গে হারুনকে জানান। পরে শাবকগুলো উদ্ধার করে হারুন তার বাড়িতে নিয়ে আসেন। 

Advertisement

বাঘ সাদৃশ্য শাবক গুলোর বয়স কয়েক দিনের হলেও দেখতে বাঘের মতো মুখ, চামড়া ডোরা কাটা হলুদ, কালচে রং এবং খুবই হিংস্র প্রকৃতির।

স্থানীয় এলাকাবাসীর ধারণা, দূরের কোনো জঙ্গল থেকে লোকালয়ে বিচরণ করতে এসে বাঘের ন্যায় বাঘদাস নামে বিরল প্রজাতির মা প্রাণিটি বাচ্চা প্রসব করেছে। এ দিকে বাঘ সাদৃশ্য শাবক উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিরল প্রজাতির প্রাণীগুলো এক নজর দেখতে এলাকার শত শত উৎসুক মানুষ হারুনের বাড়িতে ভিড় করছেন। 

হারুনুর রশীদ জানান, বাঘের ন্যায় শাবক প্রাণিগুলো উদ্ধারের ব্যাপারটি স্থানীয় ফাঁড়ি থানায় জানানো হয়। প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!