নেত্রকোণার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় পাহাড়ি ঢলে ভেসে আসা একটি অজগর সাপকে পিটিয়ে হত্যা করে স্থানীয়রা। রোববার সকালে উপজেলার ইউপির গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
একই দিন জেলার কেন্দুয়া আশুলিয়া ইউপির সিংহের গাঁও গ্রামে বেশ কয়েকটি বাচ্চাসহ একটি মেটে সাপকে পিটিয়ে মেরেছে স্থানীয়রা।
.png)
এর আগে গত শুক্রবার দুপুর থেকে কয়েকটি ফেসবুক আইডিতে দুর্গাপুরে রাসেল ভাইপার হত্যার দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ছবি ও লেখা প্রচারিত হয়। এসব পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে অনেকের মধ্যেই আতঙ্কিত হয়ে পড়েন।
যদিও বিষয়টি ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য অ্যানিমেলস অফ সুসং এর স্বেচ্ছাসেবকরা।
তাদের অনুসন্ধানে জানা যায়, গত ১৯ জুন উপজেলার চন্ডিগড় ইউপির ফেচিয়া উত্তর পাড়া গ্রামে মাছ ধরা জালে একটি অজগর সাপ ধরা পড়ে। পরে স্থানীয়রা অজগর টিকে পিটিয়ে হত্যা করে। এর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাসেলস ভাইপার বলে ভাইরাল করে।
সেভ দ্য অ্যানিমেলস অফ সুসং এর দফতর সম্পাদক শোভন ঘোষ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে হাফেজ আব্দুল মালেক বিভিন্ন সাপের ছবি দিয়ে রাসেল ভাইপার বলে আতঙ্ক সৃষ্টি করছেন। বিষয়টি নজরে আসার পর যাচাই করে দেখি ঘটনাটি পুরোপুরি ভিত্তিহীন ও গুজব। স্থানীয়রা একটি অজগর সাপ হত্যা করে। সেই ছবি দিয়ে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করতেই একশ্রেণীর মানুষ অহেতুক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটাচ্ছে। এই গুজবে পরেই গেল কয়েকদিনে দুটি অজগরসহ বেশ কয়েকটি উপকারী সাপ হত্যার শিকার হয়েছে।
তিনি আরো বলেন, অজগর সাপ একটি উপকারী সাপ। এদের কোনো বিষ নেই। এসব সাপ মানুষের লোকালয় থেকে দূরে থাকে এবং নানা রকম পোকামাকড়, ব্যাঙসহ ক্ষতিকারক কীটপতঙ্গ খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দুর্গাপুর ও কলমাকান্দায় আমরা ১৯টি অজগর সাপ উদ্ধারের পর আবারো বনে অবমুক্ত করেছি। এখন যেহেতু বর্ষাকাল ও উজানের পাহাড়ি ঢলের সঙ্গে এ অঞ্চলে বিশেষ করে মে মাসের শেষের দিক থেকে অক্টোবর মাসের শুরুর দিক পর্যন্ত এ অঞ্চলে নানারকম অজগর সাপ ভেসে আসে। এই সাপগুলো বিভিন্ন ঝোপঝাড় ও গর্তে আশ্রয় নেয়। পরবর্তীতে খাদ্যের সন্ধানে সাপগুলো লোকালয়ে চলে আসে। তবে পাহাড়ি এই সুসং জনপদে এর আগে কখনো রাসেলস ভাইপার সাপের দেখা মেলেনি এবং ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনা খুবই কম। তাই মানুষকে আতঙ্কিত না হয়ে সতেচন হতে হবে এবং গুজব থেকে দূরে থাকতে হবে।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান জানান, দুর্গাপুরে রাসেল ভাইপার সাপের দেখা মেলার ঘটনাটি সঠিক নয়। যারা এ ধরনের গুজব ছড়াচ্ছে তাদের শনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে।