সড়ক দুর্ঘটনায় আহত, বাঁচানো গেল না রাকিব মিয়াকে
কিশোরগঞ্জের কটিয়াদিতে পিকআপ ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসচালক রাকিব মিয়ার মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় মাইক্রোবাসচালক রাকিব মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। নিহত রাকিব মিয়া ভাড়ায় মাইক্রোবাস চালাতেন। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের হাজরাদী এলাকার ইদ্রিস আলীর ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন কটিয়াদি মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ। তিনি জানান, মঙ্গলবার ভোরে কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্য পাড়া এলাকায় পিকআপ ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালকসহ কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় মাইক্রোবাসচালক রাকিব মিয়ার মৃত্যু হয়।
.png)
এ ঘটনায় নিহত রাকিবের বাড়িতে শোকের মাতম চলছে। তার পিতা-মাতা ও আত্মীয়-স্বজন মৃত্যুর খবর শুনে বারবার মূর্ছা যাচ্ছেন।
নিহত রাকিবের প্রতিবেশী রোমান মিয়া জানান, মাইক্রোবাস চালক রাকিব মিয়ার মরদেহ নিয়ে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তার স্বজনরা।