মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় দক্ষিণ রাউজানের ব্রাহ্মণহাট এলাকায় এ ঘটনা ঘটে। আজিজুল মোস্তফা ওই এলাকায় ফ্ল্যাট বাসায় পরিচালিত একটি হেফজখানার শিক্ষক।
আজিজুল মোস্তফার বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়। বর্তমানে নানা বাড়ি রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামে থাকেন তিনি।
.png)
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তিন ছাত্রকে বলাৎকার করে আসছিলেন শিক্ষক আজিজুল মোস্তফা। কয়েকদিন আগে ঈদের বন্ধে ছাত্ররা বাড়ি গেলে বিষয়টি জানাজানি হয়। এরপর ছুটি শেষে মঙ্গলবার হেফজখানা খুললে আজিজুল মোস্তফাকে ধরে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় পুলিশ।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাবেদ মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হবে।