মিরসরাইয়ে ট্রেনের ইঞ্জিনে আগুন
চট্টগ্রামের মিরসরাইয়ে মালবাহী ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ড লেগেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ৭টায় পূর্বাঞ্চল রেলওয়ের বড়তাকিয়া রেল স্টেশনের আওতাধীন আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় সাড়ে ৩ ঘণ্টা ডাউন লাইনে (চট্টগ্রামমুখী) ও এক ঘণ্টা আপ লাইনে (ঢাকামুখী) ট্রেন চলাচল বন্ধ ছিল।
ট্রেনের লোকোমাস্টার মো. শাহাজাহান বলেন, ইঞ্জিনের অ্যাডজাস্টার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন দেখার সঙ্গে সঙ্গে ইঞ্জিন বন্ধ করে দিয়েছি। এরপর আমরা ৯৯৯-এ ও বড়তাকিয়া স্টেশন মাস্টারের কাছে খবর দিলে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম শহর থেকে অতিরিক্ত একটি রিলিফ ট্রেন এসে এই ট্রেনটি নিয়ে গেছে।
বড়তাকিয়া রেলস্টেশন মাস্টার মো. শামসুদৌহা জানান, আমবাড়িয়া এলাকায় মালবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগায় ডাউন লাইনে প্রায় সাড়ে ৩ ঘণ্টা ও আপ লাইনে ১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। আগুন নিয়ন্ত্রণে আসার পর রিলিফ ট্রেন ওই ট্রেনটি উদ্ধার করে বড়তাকিয়া স্টেশনে নিয়ে আসার পর সকাল ১০টা ৫০ মিনিট থেকে উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মিরসরাই ফায়ার স্টেশন সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারি বলেন, বৃহস্পতিবার সকালে বড়তাকিয়া স্টেশন মাস্টার থেকে খবর পাই যে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। কিন্তু তিনি ঘটনার স্থান সঠিকভাবে দিতে না পারায় পৌঁছাতে একটু বিলম্ব হয়। পরে স্থানীয় লোকদের সঙ্গে যোগাযোগ করে মিরসরাই কলেজ রোড দিয়ে ঘটনাস্থলে যাই। প্রথমে আমাদের পানিবাহী গাড়ি থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। পরবর্তীতে পাম্প বসিয়ে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনি