ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দলিল লেখককে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৯, ৩০ জুন ২০২৪
দলিল লেখককে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টা
আহত মফিজুর রহমান ভূঁইয়া রতন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে মফিজুর রহমান ভূঁইয়া রতন নামে এক দলিল লেখককে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

শনিবার (২৯ জুন) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের মুন্দিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার জামপুর ইউনিয়নের মুন্দিরপুর গ্রামে পনির ও শাহ হাসানের মধ্যে জমিসংক্রান্ত বিরোধের সালিশ হয়। সেখানে সালিশকারী হিসেবে দলিল লেখক মফিজুর রহমান ভূঁইয়া রতন উপস্থিত ছিলেন। সালিশ শেষে বাড়ি ফেরার পথে রাসেল আহমেদ খোকনের নেতৃত্বে শাহিন আলম, কালু মিয়া, জাকির হোসেন, বিল্লাল হোসেন, জুয়েল, জহির, লিয়ন, নজু মোল্লা, শাহরিয়ার ও সাজুসহ ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে রতনের ওপর হামলা করে।

Advertisement

একপর্যায়ে তাকে কুপিয়ে আহত করা হয়। পরে দলিল লেখক রতনকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

প্রত্যক্ষদর্শী এক নারী বলেন, খোকনের নেতৃত্বে লোকজন অস্ত্র নিয়ে দলিল লেখকের ওপর হামলা করে। এ সময় অতর্কিতভাবে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। একপর্যায়ে হামলাকারীরা গুলি করে চলে যায়।

আহতের ভাই মো. মহসিন ভূইয়া বলেন, ভাই রতন ভূঁইয়া দলিল ও কাগজপত্র বোঝার কারণে বিভিন্ন স্থানে জমিসংক্রান্ত বিচার সালিশে যান। এতে হামলাকারীদের কোনো সমস্যা সৃষ্টি হতে পারে। এ জন্য তার সঙ্গে শত্রুতা তৈরি হয়েছে। একটি সালিশ থেকে ফেরার পথে খোকনের নেতৃত্বে কুপিয়ে আহত করে ভাইকে এবং গুলিও করে। থানায় অভিযোগ করেছি।

জানতে চাইলে রাসেল আহমেদ খোকন বলেন, এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। বর্তমানে আমি ঢাকায় অবস্থান করছি।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, দলিল লেখকের ওপর হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!