বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এতে উল্লেখ করা হয়, সম্প্রতি বগুড়া শহরতলীর মাটিডালী মোড়ে অবস্থিত আইএফআইসি ব্যাংকের চুরির ঘটনায় রহস্য উদঘাটনের পর ওই চুরিতে জড়িত বগুড়া সদর উপজেলার হুকমাপুর গ্রামের মৃত ফারাজ মুন্সীর ছেলে জাহিদুল ইসলামকে (২৯) দুইদিনের রিমান্ডে নেয়া হয়।
.png)
জিজ্ঞাসাবাদে তিনি গত ২৭ জানুয়ারি সদর থানায় দায়ের হওয়া এনআরবিসি ব্যাংকের পল্লীমঙ্গল হাট উপশাখায় চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তার তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে ওই ব্যাংক থেকে লুণ্ঠিত টাকার মধ্যে ৫৭ হাজার ২৫০ টাকা তার বাড়ি থেকে উদ্ধার করা হয়। সেইসঙ্গে ওই ঘটনায় তার সহযোগী গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়ার বাসিন্দা মৃত সিরাজ শেখের ছেলে রিয়াজ উদ্দিন শেখ মিঠুকে (৪০) গ্রেফতার এবং তার হেফাজত থেকে লুণ্ঠিত টাকার মধ্যে এক লাখ ১ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
পরে তাদের দু-জনের দেখানো জায়গা থেকে ওই ব্যাংকে চুরির কাজে ব্যবহৃত ব্যাংকের ভল্ট ভাঙার একটি টায়ার লিভার, একটি স্লাইরেঞ্জ ও একটি স্ক্রু-ড্রাইভার উদ্ধার করা হয়। এনআরবিসি ব্যাংকের ওই উপশাখা হতে ভল্ট ভেঙে ৯ লাখ ৭৮ হাজার ৬১৪ টাকা চুরি হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, আসামি জাহিদুলের বিরুদ্ধে ২টি চুরির মামলা এবং মিঠুর বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মারধরের ৬টি মামলা বিচারাধীন। এ মামলায় জড়িত অন্য আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। গ্রেফতার ২ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।