ফরিদপুরে ইজিবাইক চালককে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড
ফরিদপুরের মধুখালীতে নয়ন সরদার নামে এক ইজিবাইক চালককে গলাকেটে হত্যায় রাশেদ কবির নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে অপর আসামি মিজানুর খাঁকে ৩ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রোববার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত রাশেদ কবির ও মিজানুর খাঁ আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত রাশেদ কবির (৩৩) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বৈলারচর গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে এবং মিজানুর খাঁ (৩৮) ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের গধাদরদী গ্রামের আলেম খাঁ’র ছেলে।
.png)
জানা যায়, গত ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় মধুখালী উপজেলার বড় গোপালদী গ্রামের লুৎফর সরদারের ছেলে নয়ন সরদার (২০) অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। গভীর রাত হয়ে গেলেও নয়ন বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে পাশের বকসীপুর গ্রামের একটি ক্ষেতে নয়নের ক্ষত-বিক্ষত মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নয়নের পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।
এ ঘটনায় নয়নের বাবা লুৎফর সরদার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মধুখালী থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত রাশেদ কবির ও মিজানুর খাঁকে গ্রেফতার করে। জড়িত দু’জনের নামে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে রোববার এ রায় দেন আদালত।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের ভারপ্রাপ্ত পিপি সানোয়ার হোসেন জানান, অটোভ্যানটি ছিনিয়ে নিতেই নয়ন শেখকে হত্যা করেন রাশেদ ও মিজানুর। যাত্রীবেশে তার অটোভ্যানে উঠেন পথিমধ্যে নির্জন স্থানে নিয়ে নয়নকে হত্যা করে অটোভ্যান নিয়ে যান ওই দুইজন।