ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজের ১৯ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৩, ১৬ জুলাই ২০২৪
নিখোঁজের ১৯ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার
মো. একরাম। ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে নিখোঁজের ১৯ ঘণ্টা পর মো. একরাম নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে স্বজনরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নাফ নদীর মিস্ত্রী পাড়া ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কিশোর একরাম একই এলাকার আব্দুস শুক্কুরের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম। 

স্থানীয়রা জানান, সোমবার (১৫ জুলাই) বিকেলে ১০-১২ জন জেলে মিস্ত্রি পাড়া ঘাটের কাছে শামসুল আলমের মালিকানাধীন টানা জাল নিয়ে নাফ নদীতে মাছ শিকারে যায়। এ সময় স্রোতের টানে সালমান নামে অপর একজন কিশোর ভেসে যাওয়ার সময় তাকে উদ্ধার করতে গিয়ে একরাম ডুবে যায়। পরে সালমানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হলেও একরাম কে খুঁজে পাওয়া যায়নি। আশেপাশের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

Advertisement

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, দুর্ঘটনাবশত ঘটনাটি ঘটে গেছে। এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই।

এ দিকে সাগরে ৬৫ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা চললেও এ সময় তারা কিভাবে মাছ শিকারে গেল তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, সোমবার বিকেলে কয়েকজন টানা জাল নিয়ে নাফ নদীতে মাছ শিকারে যায়। এ সময় স্রোতের টানে সালমান নামে অপর একজন কিশোর ভেসে যাওয়ার সময় তাকে উদ্ধার করতে গিয়ে একরাম ডুবে যায়। নিখোঁজের পর আজকে বেলা সাড়ে ১১টার দিকে ভাসমান অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!