ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্যালিকাকে ধর্ষণ, দুলাভাই মাসুদের যাবজ্জীবন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২০, ১৬ জুলাই ২০২৪
শ্যালিকাকে ধর্ষণ, দুলাভাই মাসুদের যাবজ্জীবন
ফাইল ফটো

চট্টগ্রামের ফটিকছড়িতে শ্যালিকাকে ধর্ষণের দায়ে মোহাম্মদ পারভেজ ওরফে মাসুদ নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরা এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ নাসের চৌধুরী বলেন, শ্যালিকাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মোহাম্মদ পারভেজ ওরফে মাসুদকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তাকে আরো পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। উভয় সাজা পর্যায়ক্রমে চলবে। রায় ঘোষণার সময় আসামি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

মামলার নথি থেকে জানা যায়, ২০১৯ সালের ৫ আগস্ট ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার নারায়নহাট এলাকায় একটি জঙ্গলের ভেতর নিয়ে ১৫ বছরের কিশোরীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন চাচাতো বোনের জামাই মোহাম্মদ পারভেজ ওরফে মাসুদ। ঐ সময় মোবাইলে কিশোরীর আপত্তিকর ছবি ধারণ করেন তিনি। পরে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একই বছরের ১৫ সেপ্টেম্বর কিশোরীকে পুনরায় ধর্ষণ করেন।

এ ঘটনায় একই বছরের ২৭ সেপ্টেম্বর ভূজপুর থানায় মামলা করেন ভুক্তভোগী কিশোরীর বোন। মামলাটির তদন্ত শেষে ২০২০ সালের ১৭ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে ২০২১ সালের ১৭ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। মামলাটিতে নয়জনের সাক্ষ্যগ্রহণ হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!