বগুড়া থেকে বিভিন্ন রুটে বাস চলাচল শুরু
বগুড়ায় ৬ দিন পর বুধবার সকাল থেকে শহরে রিকশা চলাচল, অফিস-আদালত, দোকানপাট খোলায় স্থবিরতা কেটে স্বাভাবিকতায় ফিরেছে। জেলা থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে বাস চলাচল শুরু করেছে।
কারফিউ শিথিল হওয়ার পর দুপুর ১টার পর থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়কে ব্যাপক যানজট দেখা গেছে। চলমান প্রেক্ষাপটে প্রয়োজনীয় পণ্যের পরিবহনসহ বাজার স্থিতিশীল রাখতে অংশীদারদের সঙ্গে মতবিনিময় করেছে জেলা প্রশাসন। তবে চলমান কারফিউ শিথিল না প্রত্যাহার চায় এখানকার জনসাধারণ।
বগুড়ার মহাস্থানগড় বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি শফিকুল ইসলাম জানান, বুধবার সকালে কিছু পাইকারি ক্রেতাদের দেখা গেছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে। এখন বাজার পরিস্থিতিও স্বাভাবিক হবে।
.png)
বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার জানান, বুধবার সব কিছু খোলায় অনেক যান শহরের মধ্যে প্রবেশ করেছে। সে কারণে কিছু রাস্তায় সাময়িক যানজটের সৃষ্টি হয়েছে।
বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, চলমান প্রেক্ষাপটে প্রয়োজনীয় পণ্যের পরিবহনসহ বাজার স্থিতিশীল রাখতে অংশীদারদের সঙ্গে মতবিনিময় সভা করেছি। উপস্থিত অংশীদার সব কিছু স্বাভাবিক রাখতে প্রতিশ্রুতি দিয়েছে। তারপরও কোথাও কোনো অসুবিধা হলে জেলা প্রশাসন সব সময় নজর রাখছে। কোথাও ব্যত্যয় ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মানুষের জীবনমান স্বাভাবিক রাখতে প্রশাসন সদা তৎপর রয়েছে। কারফিউ পরিস্থিতি বুঝে পর্যায়েক্রমে প্রত্যাহার করা হবে।