ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভুয়া মুক্তিযোদ্ধার সনদে চাকরি: ১ কোটি ৩১ লাখ টাকা আত্মসাৎ

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৩, ২৬ জুলাই ২০২৪
ভুয়া মুক্তিযোদ্ধার সনদে চাকরি: ১ কোটি ৩১ লাখ টাকা আত্মসাৎ
ফাইল ফটো

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের বরিশাল অফিসের ডিজিএম এম এম জামিল আহম্মদ। মুক্তিযোদ্ধার সনদ দেখিয়ে কোটায় বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চাকরি নিয়েছিলেন তিনি। তবে চাকরিতে যোগদানের ২৪ বছর পর জানা যায় এম এম জামিল যোগদানের সময় মুক্তিযোদ্ধার যে সনদ দেখিয়েছিলেন, সেটি ভুয়া। ভুয়া সনদে চাকরি নিয়ে ১ কোটি ৩২ লাখ টাকা আত্মসাৎ করেছেন তিনি।                         

বৃহস্পতিবার (২৫ জুলাই) এ ঘটনায় জামিল আহমেদের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশন দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আশিকুর রহমান। অভিযুক্ত জামিল আহমেদ খুলনা মহানগরীর নির্জন আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের ১১৩/৯ (ক) নম্বর বাড়ির মৃত আকমান উদ্দিন মিনার ছেলে। তিনি বর্তমানে বরিশালে কর্মরত রয়েছেন।

দুদক সূত্রে জানা যায়, জামিল আহমেদ ভুয়া সনদে চাকরি নিয়ে বেতন ভাতা বাবদ রাষ্ট্রের ১ কোটি ৩১ লাখ টাকা আত্মসাৎ করেছেন। যা দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ। এ জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলার বাদী দুদক খুলনা অফিসের উপসহকারী পরিচালক মো. আশিকুর রহমান বলেন, জামিলের বাবা মৃত আকমান উদ্দিন মিনা প্রকৃত মুক্তিযোদ্ধা নন। এর পরও বাবাকে মুক্তিযোদ্ধা দেখিয়ে মুক্তিযোদ্ধা সংসদ থেকে সনদ নেন। পরে মুক্তিযোদ্ধা কোটায় বাংলাদেশ হাউজ বিল্ডিং করপোরেশনে চাকরি পান। তিনি ২০০০ সালের এপ্রিল থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত বেতন ভাতা বাবদ মোট ১ কোটি ৩১ লাখ ৭৬ হাজার ৭৩৪ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন, যা দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তি যোগ্য অপরাধ।

উল্লেখ্য, বাবার নামে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বানিয়ে ২০০০ সালের ১৭ এপ্রিল কর্মকর্তা হিসেবে নিয়োগ পান খুলনার বাসিন্দা এম এম জামিল আহমেদ। দুই যুগে বিভিন্ন ধাপে পদোন্নতি পেয়ে বর্তমানে তিনি রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠানটির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) পদে কর্মরত।

চাকরির ২৪ বছর পর জানা যায় মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে জমা দেওয়া তার বাবার সনদটি ছিল ভুয়া। প্রাথমিক তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে তার মায়ের সম্মানী ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া ভুয়া সনদে চাকরি নিয়ে বেতন-ভাতা বাবদ রাষ্ট্রের ১ কোটি ৩১ লাখ টাকা আত্মসাৎ করেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!