শনিবার ভোর ৬টায় ভৈরব উপজেলার লক্ষীপুর এলাকার কয়েদি নবী হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নবী হোসেন (৪৮) ভৈরব উপজেলার লক্ষীপুর এলাকার শাহাবুদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গত ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলার ঘটনা ঘটে এবং ৮২৬ জন কয়েদি পালিয়ে যান। এ ঘটনায় র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প তার আওতাধীন এলাকায় পলাতক কয়েদিদের অবস্থান শনাক্তকরণ ও গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ জুলাই) ভোর ৬টায় র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জেলার ভৈরব উপজেলার লক্ষীপুর এলাকায় কারাগার থেকে পলাতক কয়েদি নবী হোসেন (৪৮) তার নিজ বসতবাড়িতে আত্মগোপনে আছেন। এ তথ্যের ভিত্তিতে কয়েদি নবী হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। নবী হোসেন গত ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলার পর পালিয়ে যাওয়া ৮২৬ জন কয়েদিদের একজন।
.png)
শনিবার দুপুর সোয়া ৩টায় র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, নবী হোসেন গত ১৯ জুলাই বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে নরসিংদী জেলা কারাগারে হামলা হয় তখন তিনি কৌশলে কারাগার থেকে পালিয়ে নরসিংদী জেলার ইটাখোলা বাসস্ট্যান্ডে হেঁটে আসেন। পরবর্তীতে সিএনজিযোগে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষীপুর এলাকার নিজ বাড়িতে এসে আত্মগোপন করেন।
র্যাব আরো জানায়, আসামি নবী হোসেন বেলাবো থানার ২০০৮ সালের ডাকাতি মামলার গ্রেফতারকৃত আসামি। তিনি নরসিংদী জেলার বেলাবো উপজেলার বারৈচা হাইওয়ে রোডে বাস ডাকাতির ঘটনায় জড়িত ছিলেন। প্রায় ৩ মাস পূর্বে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা পুলিশ তাকে ওয়ারেন্টমূলে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করে। আসামিকে নরসিংদী জেলার বেলাবো থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।