চরফ্যাশনের সাগর মোহনায় ট্রলার ডুবি, ৫ জেলে উদ্ধার, নিখোঁজ ৮
ভোলার চরফ্যাশনের সাগর মোহনায় বৈরী আবহাওয়ার কবলে পড়ে ১৩ জেলে নিয়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে।
শুক্রবারের এ ঘটনায় ৫ জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো ৮ জেলে নিখোঁজ। নিখোঁজ জেলেরা হলেন, নুর আলম (৩০), কবির (৩২), শাহে আলম মোল্লা (৫০), মো. বেল্লাল (৫০), ছাদেক মাল (৬০), সবুজ (৪০), হোসেন মাঝি ( ৫০) ও জাহাঙ্গীর মিস্ত্রি (৪৫)। উদ্ধার পাঁচ জেলে হলেন- মো. দুলাল মাঝি ( ৪০), নাজিম (৪৪), সুমন (৩৮), শাহিন (২৫) ও মনির (৩৩)।
উদ্ধার হওয়া ও নিখোঁজ জেলেদের সবার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার আহম্মেদপুর ইউনিয়নের সুকনা খাল এলাকায় বলে জানা গেছে।
.png)
আহম্মদপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, গত শুক্রবার ধরাজালের একটি ট্রলার নিয়ে সাগর মোহনার শিবচর এলাকার ১৩ জন জেলে মাছ ধরতে যান। শুক্রবার রাতে প্রবল টেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। ৫ জেলেকে উদ্ধার করা হলেও এখনও ৮ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া পাঁচ জেলে রাতেই তাদের নিজ নিজ বাড়িতে চলে যায়।
ট্রলারের মালিক রুবেল চৌকিদার বলেন, বঙ্গোপসাগরের চর মন্তাজ এলাকায় মাছ ধরা শেষে জেলেরা তাদের বাড়ি চরফ্যাশন আসার পথে শুক্রবার দুপুরে ঝড়ের কবলে পড়ে। এ সময় হঠাৎ করে ট্রলারটি ডুবে গেলে অন্যান্য মাছ ধরার ট্রলার এসে পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করে। নিখোঁজ ৮ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে।
চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, আমরা নিখোঁজ জেলেদের উদ্ধার করার জন্য কোস্ট গার্ডের কর্মকর্তাদের জানিয়েছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি। কোস্ট গার্ড নিখোঁজদের উদ্ধারের জন্য চেষ্টা করবে বলে আশা করি। এছাড়া স্থানীয় মৎস্য ব্যবসায়ীরাও তারা নিজস্বভাবে নিখোঁজ জেলেদের খুঁজতে বের হয়েছে বলে জানান তিনি।