ফরিদপুরে পুলিশের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ, ৬ জন গুলিবিদ্ধ
ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও শ্রমিক লীগ-ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। তাদের চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্য দুজনকে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আরো প্রায় অর্ধশত আহত হন।
শনিবার সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১১টার দিকে শহরের পশ্চিম খাবাসপুরে মেডিকেল কলেজের অদূরে বটতলায় সমবেত হয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। আন্দোলনকারীরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে ফরিদপুর-বরিশাল মহাসড়ক হয়ে পুরাতন বাসস্ট্যান্ডের কাছাকাছি পৌঁছালে ভাঙ্গা রাস্তার মোড়ের দিক থেকে শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দুই শতাধিক নেতাকর্মী হামলা চালায় এবং মিছিলকারীদের উপর ইট-পাটকেল ছুঁড়তে থাকে। তবে আন্দোলনকারীরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পালিয়ে যান।
.png)
এরপর পুলিশ এসে আন্দোলনকারীদের সামনে এগোতে বাঁধা দেয়। একপর্যায়ে জেলার মডেল মসজিদের সামনে আন্দোলনকারীরা দাঁড়ানোর চেষ্টা করলে পুলিশ তাদের দিকে প্রথমে টিয়ারগ্যাস ছুঁড়ে। এরপর আন্দোলনকারীরা পিছু সরে কিছুদূর অবস্থান নেয়। এরপর সেখানে সংঘর্ষ বেঁধে যায়।
এদিকে, সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে আজকের পত্রিকার প্রতিনিধি শ্রাবণ হাসান, দৈনিক ফতেহাবাদের জাকিব আহমেদ ও ঢাকা পোস্টের প্রতিনিধি জহির উদ্দিন আহত হন। শনিবার বিকেলে রিপোর্ট লেখার সময় পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে।