ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সমুদ্রে ট্রলার ডুবে ৩১ রোহিঙ্গা নাগরিকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৬, ৮ আগস্ট ২০২৪
সমুদ্রে ট্রলার ডুবে ৩১ রোহিঙ্গা নাগরিকের মৃত্যু
সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূলে পৃথক দুই ট্রলার দুর্ঘটনায় ৩১ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার সকাল ও বুধবার ভোররাতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ঢেউ ও ঝড়ের কবলে পড়ে নাফ নদীতে এই দুই ট্রলার  ডুবির ঘটনা ঘটেছে। এই দুইদিন পৃথক পৃথক সময়ে ৩১ জনের মরদেহ উদ্ধার করে স্থানীয় বাসিন্দা ও শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ১৩ নারী ও ১৫ শিশু রয়েছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, মঙ্গলবার ও বুধবার ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া ও রাজারছড়া পয়েন্ট এলাকায় রোহিঙ্গা বহনকারী নৌকা ডুবে যায়। এতে কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও বেশিরভাগ যাত্রী সাগরে তলিয়ে যায়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, স্থানীয়দের মাধ্যমে মরদেহগুলো উদ্ধারের খবর পেয়ে জনপ্রতিনিধিদের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, নাফনদী ও সাগর তীরবর্তী এলাকা দিয়ে মিয়ানমার থেকে রাতের আধাঁরে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টাকালে পৃথক ঘটনায় নৌকা ডুবির ঘটনা ঘটে। ঐসব ঘটনায় নিখোঁজ থাকা নারী, পুরুষ ও শিশুর মরদেহ বিভিন্ন পয়েন্ট দিয়ে ভেসে আসছে।

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে টহল এবং নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার দুপুরে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে চলমান সংঘাতের প্রেক্ষিতে সীমান্ত নিরাপত্তায় কঠোর নজরদারি বজায় রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড। চলমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে নাফ নদী ও সেন্টমার্টিন এলাকায় যে কোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে  উপকূলীয় অঞ্চলে টহল জোরদার করা হয়েছে। সমুদ্রে সার্বক্ষণিক টহল জাহাজ মোতায়েনসহ নিয়মিত হাই স্পিড বোটের মাধ্যমে টহল পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!