ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০০:২২, ১৩ আগস্ট ২০২৪
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আবদুল্লাহ (৪৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলীম।

এর আগে, রোববার (১১ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।

নিহত মো. আব্দুল্লাহ সদর উপজেলার নারায়ণপুর ইউপির দক্ষিণ নিশিপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে।

Advertisement

জানা গেছে, রোববার দিবাগত রাতে ভারতের মালদা জেলার চাঁদনিচক সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় আব্দুল্লাহসহ কয়েকজন সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। এ সময় চাঁদনিচক ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই মারা যান আব্দুল্লাহ। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলীম বলেন, রোববার রাতে আব্দুল্লাহসহ কয়েকজন বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফের গুলিতে মারা যান আব্দুল্লাহ। তবে অক্ষত অবস্থায় তার সহযোগীরা বাংলাদেশি ফিরে আসেন।

সোমবার (১২ আগস্ট) রাত ১১টা পর্যন্ত তথ্য নিশ্চিত করেনি বিজিবি। এ সময় পর্যন্ত মরদেহ হস্তান্তরও করেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, এ ঘটনায় বিএসএফের সঙ্গে যোগাযোগ করে নিহতের বিষয়টি নিশ্চিত করার চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বিএসএফ
লিংক সফলভাবে কপি হয়েছে!