[ দেশজুড়ে ]
নিখোঁজের একদিন পর লাশ হয়ে ফিরল ইমরান
ফাইল ফটো
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিখোঁজের একদিন পর খাল থেকে ইমরান হোসেন নামে এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ আগস্ট) রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইমরান হোসেন রাঙামাটির রাজস্থলী উপজেলার শফিপুর গ্রামের মোহাম্মদ নবীর হোসেনের ছেলে। তিনি রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের একটি মাদরাসায় দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। থাকতেন মাদরাসার ছাত্রাবাসে।
জানা গেছে, শনিবার রাত ৮টার পর থেকে নিখোঁজ ছিল ইমরান। আশপাশসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি। পরে বিষয়টি তার পরিবারকে জানায় মাদরাসা কর্তৃপক্ষ। এরপর রোববার পরিবারের পক্ষ থেকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় জিডি করা হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান বলেন, মরদেহের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!