ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মিরসরাইয়ে নেই বিদ্যুৎ-নেটওয়ার্ক, পানিবন্দি লাখো মানুষ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫০, ২৩ আগস্ট ২০২৪
মিরসরাইয়ে নেই বিদ্যুৎ-নেটওয়ার্ক, পানিবন্দি লাখো মানুষ
ছবি: ডেইলি বাংলাদেশ

টানা ছয়দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের মিরসরাইয়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এতে লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন ও মোবাইল নেটওয়ার্ক বিঘ্ন ঘটছে। এ জন্য উদ্ধারকাজ ও ত্রাণ তৎপরতা চালাতেও হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা।

শুকনো খাবার ও উদ্ধার অভিযানে যাওয়া মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম বলেন, মিরসরাই এবং ফেনীতে পানিবন্দি মানুষকে সহযোগিতা এবং উদ্ধার কাজে দূর-দূরান্ত থেকে আসা স্বেচ্ছাসেবীরা অনেকেই যানজটের কারণে পথে আটকে রয়েছেন।

ইছাখালী এলাকার বাসিন্দা আব্দুল্লাহ আল নোমান বলেন, বৃহস্পতিবার আমাদের এলাকায় তেমন পানি ছিল না। শুক্রবার ভোর থেকে পানি বাড়তে শুরু করে। এখন মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, মিরসরাই উপজেলার করেরহাট, হিঙ্গুলী, ধুম ও ইছাখালী ইউনিয়নের অধিকাংশ এলাকার লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বৃহস্পতিবার অনেকে নিরাপদ আশ্রয়ে গেলেও বাড়িঘর ফেলে যাননি অনেক মানুষ। পরবর্তীতে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় তারা পানিবন্দি হয়ে পড়েছেন।

এদিকে, শুক্রবার দুপুর ১২টা থেকে এসব এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। মোবাইল নেটওয়ার্ক না থাকায় উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে। এখন নতুন করে জোরারগঞ্জ ইউনিয়নের বিভিন্ন অংশ, ইছাখালী, কাটাছরা, মিঠানালা ও মঘাদিয়া ইউনিয়ন প্লাবিত হচ্ছে। দোতলায় বাড়ি ও আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন শত শত মানুষ।

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী বলেন, পানির তীব্রতা বেড়েছে। বন্যাকবলিত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, এখানে মোবাইল নেটওয়ার্কও নেই। এতে সংবাদ পাওয়া কঠিন হয়ে পড়েছে। সেনাবাহিনী ও রেডক্রিসেন্টের কর্মীরা পানিবন্দি মানুষকে উদ্ধারে কাজ করছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!