সিলেটে সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে মামলা
ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় সিলেট সীমান্ত থেকে গ্রেফতার সাবেক বিচারক এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার (২৫ আগস্ট) রাতে কানাইঘাট থানা পুলিশ বাদী হয়ে পাসপোর্ট আইনে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার দায়ে তার বিরুদ্ধে মামলা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় পাসপোর্ট আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
.png)
এর আগে, শুক্রবার (২৩ আগস্ট) রাতে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ভারত পালানোর সময় সাবেক বিচারক মানিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরদিন সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়।
পরে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় কানাইঘাট থানা পুলিশ। পরে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওইদিন আদালতে তোলার সময় পুলিশি নিরাপত্তা বলয় ভেঙে মানিকের ওপর ডিম ও জুতা নিক্ষেপ করে উৎসুক জনতা। এ সময় তাকে মারধরও করেন অনেকে। একপর্যায়ে তাকে আদালতের ভেতরে এজলাসে নিয়ে যায় পুলিশ। আদালতে নিজেকে অসুস্থ দাবি করেন তিনি।
সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই একটি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন চিকিৎসকরা। বিচারপতি মানিক স্পর্শকাতর অঙ্গে গুরুতর আঘাত পেয়েছেন। অস্ত্রোপচারে ১৩টি সেলাই লেগেছে বলে জানানো হয়। বর্তমানে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।