উদ্ধারকৃত সোনার ওজন প্রায় ১২ কেজি। এ সময় হোসাইন আহমদ নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোমারকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে।
বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও জাতীয় গোয়েন্দা সংস্থার একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে সব তথ্য জানানো হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
.png)
বিমানবন্দর সূত্রে জানা গেছে, জাতীয় গোয়েন্দা সংস্থা ও কাস্টমস গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুবাইয়ের শারজাহ শহর থেকে আসা যাত্রী হোসাইনকে আটক করা হয়। এ সময় তার লাগেজের মধ্যে তিনটি জুসের মেশিনের ভেতর থেকে ১০৫ পিস সোনার বার উদ্ধার করা হয়। প্রতিটি জুসের মেশিনে ৩৫ পিস করে বার ছিল।
বিমানবন্দরে কর্মরত জাতীয় গোয়েন্দা সংস্থা জানায়, আটক যাত্রী ইমিগ্রেশন শেষ করে চলে যাচ্ছিলেন। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করে এসব সোনার বার জব্দ করা হয়।