রাঙ্গামাটির শ্রমিক লীগ নেতাকে পিটিয়ে হত্যা
চট্টগ্রামের রাউজানে রাঙ্গামাটির কাউখালী উপজেলার আব্দুল মান্নান (৩২) নামের এক শ্রমিক লীগ নেতাকে একদল দুর্বৃত্ত পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কাউখালী থানার ওসি রাজিব চন্দ্র কর।
বুধবার বিকেলে রাউজানের চারা বটতল চৌধুরী মার্কেট এলাকায় রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি কাউখালি উপজেলার বেতবুনিয়া ডাকবাংলো এলাকার কবির আহম্মদের ছেলে। পেশায় গাড়িচালক আব্দুল মান্নানের দুই স্ত্রী দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত একদল দৃর্বৃত্ত বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে বিভিন্ন জনকে মারধর করতে থাকলে অন্যত্র সরে যাওয়ার চেষ্টা করে কাউখালীর বেতবুনিয়া চয়েরী বাজারে আসা শ্রমিক লীগ নেতা আব্দুল মান্নান। একটি সিএনজি অটোরিকশাতে করে রাউজানের দিকে রওনা হলে তাকে গোদার পাহাড় এলাকায় সিএনজিতে থেকে আটক করে ব্যাপক মারধর করে চারা বটতল এলাকায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা সেখান থেকে উদ্ধার করে রাউজানস্থ জে কে মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ওসি জানান, ঘটনাটি যেহেতু রাউজান থানায় পড়েছে সেহেতু সংশ্লিষ্ট থানা এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।