ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধর্ষণের পর হত্যা, ২ জনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৯, ২৯ আগস্ট ২০২৪
ধর্ষণের পর হত্যা, ২ জনের যাবজ্জীবন
ফাইল ফটো

নাটোরের নলডাঙ্গায় এক শিশুকে (১২) ধর্ষণের পর হত্যার দায়ে দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নওগাঁর রানীনগর থানার হরিশপুর এলাকার মৃত জহের আলীর ছেলে আনোয়ার হোসেন বাবু ও নাটোরের নলডাঙ্গা উপজেলার ভূষণগাছা এলাকার ইব্রাহিম সাকিদারের ছেলে রইচ উদ্দীন।

Advertisement

খালাসপ্রাপ্তরা হলেন- সোহাগ, রাকিব হোসেন, আলামিন, জিয়ারুল ও জামাল।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৬ মে রাতে ভিকটিমের শয়নকক্ষে ঢুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা। এ ঘটনার পর দিন সকালে ভিকটিমের বাবা বাদী হয়ে নলডাঙ্গা থানায় অজ্ঞাত নামে মামলা করেন।

মামলার পর ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করে পুলিশ। মামলার তদন্ত শেষে ২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর বাবুকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশ। তারপর থেকে বাবু পলাতক থাকেন।

পরে ২০১৯ সালের ১০ অক্টোবর লালপুর থানার একটি মামলায় বাবুকে আটক করে আদালতে হাজির করে পুলিশ। পরে নলডাঙ্গা থানার মামলায় আদালতে দেওয়া জবানবন্দীতে ভিকটিমকে তিনি ও রইচ ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করেন। পরের দিন নলডাঙ্গা উপজেলার ভূষণগাছা এলাকায় নিজ বাড়ি থেকে রইচ উদ্দীনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়।

নাটোর জেলা ও দায়রা জজ আদালতের পিপি আনিছুর রহমান জানান, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!