ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভ্যানে লাশের স্তূপের ভিডিওটি আশুলিয়ার, কী হয়েছিল সেদিন?

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১০, ৩১ আগস্ট ২০২৪
ভ্যানে লাশের স্তূপের ভিডিওটি আশুলিয়ার, কী হয়েছিল সেদিন?
ইনসেটে আশুলিয়া থানার সামন সাইট। ছবি: সংগৃহীত

ঘটনাটি ৫ আগস্ট বিকেলের। এটি যে আশুলিয়ার ঘটনা, তা একটি নির্বাচনী পোস্টারের সূত্র ও এক দোকানদারের বক্তব্যে নিশ্চিত হওয়া গেছে। ওই দিন আশুলিয়া থানার সামনে থেকে ভ্যানের ওপর তোলা হচ্ছিল ছয়টি নিথর মরদেহ। একটির ওপর আরেকটি রক্তাক্ত লাশের স্তূপ করছিলেন কয়েকজন পুলিশ সদস্য।

এমনই বীভৎস ও লোমহর্ষক একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। গতকাল শুক্রবার (৩০ আগস্ট) রাতে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনায় চলে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতা আশুলিয়া থানার সামনে জড়ো হন। পরে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ফলে আন্দোলনে অংশ নেয়া অনেকেই গুলিবিদ্ধ হন। পরে পুলিশ নিহতদের একটি ভ্যানে করে অন্য স্থানে নিয়ে যায়। এমনকি পুলিশের একটি গাড়িতেও কয়েকজনকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।

Advertisement

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি ভ্যানে কয়েকটি মরদেহ স্তূপ করে রাখছেন পুলিশ সদস্যরা। পরে একটি পুরোনো ব্যানার দিয়ে সেগুলো ঢেকে ফেলা হয়। এ সময় আরো কয়েকজন পুলিশ সদস্যকে আশপাশে হাঁটাহাঁটি করতে দেখা যায়। এর মধ্যে হেলমেট পরিহিত ঢাকা উত্তরের ডিবি পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেনও ছিলেন।

আশুলিয়া থানার সামনের দোকানি ফাহিমা বলেন, ‘আমরা ভিডিওটি দেখেছি। ভিডিওটি আমাদের আশুলিয়া থানার সামনে থেকেই করা। আমরা সেদিন ভয়ে দোকান বন্ধ রেখেছিলাম। আশুলিয়া থানার পাশেই কিছু বালু ভর্তি ব্যাগ ছিল, যা ভিডিওতে দেখা গেছে।’

প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান বলেন, সেদিন আমরা ভয়ংকর চিত্র দেখেছি। একপাশে আন্দোলনকারীরা অন্যপাশে পুলিশ। একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন মারা যান। এরপর ছয়টি মরদেহ একটি ভ্যানে তোলে পুলিশ। কিছু সময় পরই সেসব মরদেহ পুলিশের গাড়িতে দেখা যায়। তখন মরদেহগুলোসহ সেই গাড়িটি আগুনে জ্বলছিল।

নাম প্রকাশ না করা শর্তে এক শিক্ষার্থী বলেন, ৫ আগস্ট পুলিশ এলোপাতাড়ি গুলি চালিয়েছে। থানার আশপাশে অনেকে গুলিবিদ্ধ হয়ে পড়েছিল। একটি পুলিশের গাড়িসহ কয়েকজন গুলিবিদ্ধকে পুড়িয়ে মারা হয়েছিল।

ঢাকা জেলা উত্তরের ডিবি পুলিশের ইনচার্জ রিয়াজ উদ্দিন বিপ্লব বলেন, ভিডিওটি অস্পষ্ট। তবে আরাফাত হোসেন আমাদের ঢাকা উত্তরের ডিবি পুলিশের তদন্ত হিসেবে কর্মরত রয়েছেন। ভিডিওর ওই পুলিশ সদস্য আরাফাত কিনা আমি নিশ্চিত নই।

আরাফাত ৫ আগস্ট কোথায় ডিউটি করেছেন এম প্রশ্নে তিনি বলেন, আমরা ডিবি পুলিশ সাভার থানায় ডিউটি করেছি। কিন্তু আরাফাত সেদিন কোথায় ডিউটি করেছে, তা আমি নিশ্চিত নই।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!