ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত বেড়ে ৬

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৫, ১ সেপ্টেম্বর ২০২৪
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত বেড়ে ৬
দুর্ঘটনাকবলিত বাস। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ছয়জনে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সামাদ আলী (৪০), সাকিবুর রহমান (৩৫), রহিজ শেখ (২৪), তানিয়া আফরোজ (২৮) ও তার মা তহুরা বেগম (৫৫)। এছাড়া নিহত বাকি একজনের পরিচয় এখরো পাওয়া যায়নি। নিহতরা সবাই বাসের যাত্রী ছিলেন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রেজাউল মাওলা ও কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া।

প্রত্যক্ষদর্শী একজন বলেন, সকালে বিকট আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখি ইমাদ পরিবহনের একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাসের একপাশ দুমড়ে-মুচড়ে গেছে। ডানপাশের পাঁচটি সিটে থাকা পাঁচজন যাত্রীই ঘটনাস্থলে নিহত হয়েছেন। বাকি যাত্রীদের মধ্যে অনেকেই গুরুতর আহত হয়ে কাতরাচ্ছে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে।

কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রেজাউল মাওলা বলেন, সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। পরে আরো একজনের মৃত্যু হয়েছে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে নারীসহ নিহতদের মরদেহ উদ্ধার করেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক সেলিম মিয়া বলেন, আমরা এখন পর্যন্ত ছয়জনের নিহতের মধ্যে পাঁচজনের নাম শনাক্ত করতে পেরেছি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!