ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুলিয়ায় নিটার শিক্ষার্থীদের আন্দোলন 

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১১:০০, ২ সেপ্টেম্বর ২০২৪
আশুলিয়ায় নিটার শিক্ষার্থীদের আন্দোলন 
ফাইল ফটো

সাভারের আশুলিয়ায় দুর্নীতির সঙ্গে জড়িত শিক্ষকদের পদত্যাগ, সংস্কার ও প্রতিষ্ঠানটিকে স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন করছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) শিক্ষার্থীরা।

রোববার (১ সেপ্টেম্বর) সকালে আশুলিয়া থানাধীন নয়ারহাট কোহিনূর গেট এলাকায় আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

জানা যায়, সকালে দুর্নীতির সঙ্গে জড়িত শিক্ষকদের পদত্যাগ, সংস্কার ও প্রতিষ্ঠানটিকে স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এরপর প্রতিষ্ঠান পরিচালকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি। এছাড়া শিক্ষার্থীরা সমস্যা সমাধান করা ছাড়া কোনো শিক্ষককে ক্যাম্পাস ছেড়ে যেতে দিবেন না বলেও ঘোষণা দিয়েছেন। 

Advertisement

কর্তৃপক্ষ জানায়, বিষয়টি প্রতিষ্ঠান পরিচালকসহ অন্যান্য শিক্ষকরা আলোচনার মাধ্যমে সমাধান করতে আশাবাদী। শিক্ষকরা এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চায়নি বলেও জানা গেছে।

 শিক্ষার্থীদের দাবিসমূহ হলো-

১.পরীক্ষা নিয়ন্ত্রক দেলোয়ার হোসনসহ অনিয়মের সঙ্গে জড়িত কয়েকজন শিক্ষকের পদত্যাগ দাবি।

২. প্রতিষ্ঠানটির পূর্বের পরিচালক/একাডেমিক এডভাইজার অধ্যাপক মিজানুর রহমানের নামে দুর্নীতি অভিযোগ গঠিত তদন্তে তাকে অব্যাহতি দিয়ে যে তদন্ত রিপোর্ট দেওয়া হয়েছিল সেটি বাতিল করে পুনরায় তদন্ত করা।

৩. নিটারে বিভিন্ন সেশনে ক্রমবর্ধমান টিউশন ফি কমিয়ে আনা।

৪. দেশে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে ৩২টি টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ/টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট অনুমোদনের অপেক্ষায় আছে। নিটারকেও যেন এই প্রকল্পের আওতায় বিবেচনা করার জন্য উদ্যোগ গ্রহণ করা।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের নানামুখী দাবিগুলো খুব দ্রুত বা শিক্ষক-শিক্ষার্থীদের আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়, ভবিষ্যতে পর্যায়ক্রমে দাবিসমূহের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করছেন শিক্ষকরা। শিক্ষার্থীরা অন্তত কিছু দাবি মেনে নেয়ার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!