বন্যায় ফেনীতে প্রাণ হারানোর সংখ্যা বেড়ে ২৬ জন
ভয়াবহ বন্যায় ফেনীতে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার এ তথ্য জানান।
মৃতদের মধ্যে ১৫ জন পুরুষ, ৭ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। নিহতদের মধ্যে ১৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে, বাকি ৮ জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয় অন্য সূত্র বলছে, বন্যায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। জেলার বিভিন্ন স্থানে এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।
.png)
জেলা প্রশাসন জানায়, বন্যায় ফেনী সদরে ৫ জন, দাগনভূঞায় ৩ জন, ফুলগাজীতে ৭ জন, সোনাগাজীতে ৬ জন, ছাগলনাইয়ায় ৩ জন ও পরশুরাম উপজেলায় ২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ফেনী সদর উপজেলায় ৩ জন, সোনাগাজীতে ৪ জন ও ছাগলনাইয়ায় ১ জন অজ্ঞাত রয়েছেন।
এ ব্যাপারে ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, বন্যায় নিহতদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। এ বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে।
এর আগে, ভারতের উজানের পানি ও ভারী বৃষ্টিতে মাত্র দেড় মাসের ব্যবধানে তিন বার বন্যার কবলে পড়ে ফেনী। সর্বশেষ ১৯ আগস্ট জেলার পরশুরাম ও ফুলগাজীতে স্মরণকালের ভয়াবহ বন্যা হয় ও তা দ্রুত ছড়িয়ে পড়ে পুরো জেলায়।