রাজবাড়ীতে প্রাইভেটকারের পেছনে লরির ধাক্কা, নিহত ১
রাজবাড়ীতে প্রাইভেটকারের পেছনে বিদ্যুতের খুঁটিবোঝাই লরির ধাক্কায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মুকুল বিশ্বাস। তার বাবার নাম অশ্বিণ কুমার। মুকুলের বাড়ি রাজবাড়ী পাংশা পৌরসভার নারায়ণপুর গ্রামের। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।
নিহতের ছেলে আকাশ বিশ্বাস বলেন, বাবার হাতে সমস্যা ছিল। হাতের চিকিৎসা করানোর জন্য সকালে ঢাকায় যাচ্ছিলেন। বাবার সঙ্গে তার এক ব্যবসায়িক পাটনার ছিলেন। তিনি সুস্থ আছেন।
প্রাইভেটকারের চালক মোকছেদ আলী বলেন, সকাল ৭টার দিকে রাজবাড়ীর পাংশা বাজার থেকে নাস্তা করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারা। তাদের প্রাইভেটকারটি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে চরবাগমারা পল্লী বিদ্যুৎ সমিতির অফিস সংলগ্ন এলাকায় আসলে পেছন থেকে বিদ্যুতের খুঁটিবোঝাই একটি লরি প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পেছনের ছিটে বসে থাকা মুকুল বিশ্বাস মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। চালক মোকছেদ কাঁধের ওপর আঘাত পেয়েছেন। তবে তিনি এখন সুস্থ।
রাজবাড়ী সদর থানার ওসি ইফতেখারু আলম প্রধান জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। লাশের সুরতহালের রিপোর্ট সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।