দলীয় কর্মসূচি শেষে ফেরার পথে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
বাগেরহাটের মোরেলগঞ্জে দলীয় কর্মসূচি শেষে ফেরার পথে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. সহিদুল ওরফে সাইদুল মল্লিককে (৫৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৬ এর একটি আভিযানিক দল। রোববার সকাল ১১টার দিকে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন র্যাব-৬ এর সদস্যরা।
এর আগে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
মফেজ মল্লিকের ছেলে বহরবুনিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সায়েদুল মল্লিক এদিন স্থানীয় রাজনৈতিক কর্মসূচি পালন শেষে এলাকায় ফেরার পথে র্যাব সদস্যদের হাতে গ্রেফতার হন। রোববার র্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। শহিদুল মল্লিক সাজাপ্রাপ্ত অবস্থায় কতদিন পলাতক ছিলেন তা জানা যায়নি।
.png)
রোববার গণমাধ্যমে পাঠানো র্যাব-৬ এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৯৮ সালে বাগেরহাটের মোরেলগঞ্জে চাঞ্চল্যকর সংখ্যালঘু নারী হত্যা মামলার প্রধান আসামি শহিদুল মল্লিককে (৫৫) দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডাদেশ দেন বিজ্ঞ আদালত। উক্ত হত্যাকাণ্ডের পরে শহিদুল মল্লিক বিভিন্ন স্থানে পলাতক ছিলেন।
সম্প্রতি তিনি নিজ এলাকায় ফিরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি পরিচালনা করছেন- এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৬ (সদর কোম্পানির) এর একটি চৌকস গোয়েন্দা দল তথ্য প্রযুক্তির সহায়তায় শহিদুল মল্লিককে আটক করে।
মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দিন বলেন, শহিদুল মল্লিকের বিরুদ্ধে বিরুদ্ধে থানায় গ্রেফতারি পরোয়ারা জারি রয়েছে। র্যাব সদস্যরা গ্রেফতার করে থানায় দেওয়ার পরে তাকে কোর্টে সোপর্দ করা হয়েছে।