ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাল-বিলে চলছে মাছ ধরার উৎসব 

রনজিনা খানম, নড়াইল
প্রকাশিত: ০৮:৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৪
খাল-বিলে চলছে মাছ ধরার উৎসব 
খাল-বিলে চলছে মাছ ধরার উৎসব। ছবি: ডেইলি বাংলাদেশ

নদী-নালা, খাল-বিল বেষ্টিত নড়াইল জেলায় কয়েকদিনের অবিরাম বর্ষণে ভেসে গেছে কয়েক হাজার মাছের ঘের ও পুকুর। খাল-বিল নদী নালায় পানি বেড়ে যাওয়ায় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। এই মাছ ধরার উৎসবে মেতে পড়েছে নানা শ্রেণিপেশার নানা বয়সী মানুষ। 

কেউ ক্ষেপলা জাল দিয়ে, আবার কেউ কেউ বিভিন্ন উপকরণ দিয়ে মাছ ধরছে। কৈ, পুঁটি, স্বরপুঁটি, শোল, টাকি, টেংরাসহ দেশীয় প্রজাতির মাছ এবং রুই, কাতলা, মৃগেল, সিলভারকার্পসহ বিভিন্ন প্রকারের মাছ ধরা পড়ছে। 

মাছ ধরতে পেরে খুশি মৎস্যজীবীসহ সৌখিন মাছ শিকারীরা। খোঁজখবর নিয়ে জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার ইছামতি বিল, কালিয়া উপজেলার চাঁচুড়ী বিল, নড়াইল সদর উপজেলার নলামারা বিল, কাড়ার বিল, সলুয়ার বিল, হাওয়াইখালী বিল, তুলারাপুর বিলসহ বিভিন্ন বিলে, খালে ও নদীতে মাছ ধরা পড়ছে। 

Advertisement

লোহাগড়া উপজেলার ইছামতি বিলের সঙ্গে নবগঙ্গা নদীর সঙ্গে সংযোগ সৃষ্টিকারী বাড়ীভাঙ্গা খালে বিভিন্ন প্রজাতির মাছ ধরার উৎসবে মেতেছে শতাধিক বিভিন্ন বয়সী মানুষ। এই খালে ক্ষেপলা জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। এছাড়া, কারেন্ট জাল, চায়না জাল ব্যবহার করে মাছ ধরছে। 

বাড়ীভাঙ্গা গ্রামের বাসিন্দা আনিচুর রহমান জানান, ইছামতি বিল সংলগ্ন অনেক ঘের বৃষ্টিতে ভেসে গেছে। তাছাড়া ইছামতি বিলে দেশীয় প্রজাতির মাছ রয়েছে। বৃষ্টির কারণে বিভিন্ন প্রকারের মাছ ধরা পড়ছে। খেপলা জাল ফেলে পুঁটি, স্বরপুঁটি, বিভিন্ন প্রজাতির পোনা, ১-২ কেজি ওজনের রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন প্রকারের মাছ ধরা পড়ছে। এখানে শতাধিক মানুষ মাছ ধরার উৎসবে মেতে আছে। 

এদিকে নড়াইল শহর সংলগ্ন আশেপাশের এলাকাতেও মাছ ধরা পড়ছে। শহরের দুর্গাপুর এলাকায় রেল লাইন সংলগ্ন খালে মাছ ধরার উৎসবে মেতে পড়ে অর্ধশতাধিক মানুষ। নারী পুরুষ মিলে এই খালে মাছ ধরার বিভিন্ন উপকরণ দিয়ে মাছ ধরছে। 

এই এলাকার বাসিন্দা আল-আমিন জানান, কয়েকদিনের বৃষ্টিতে বিল থেকে মাছ খালে উঠে এসেছে। যার কারণে জালসহ মাছ ধরার নানা উপকরণ ব্যবহার করে বিভিন্ন আকৃতির মাছ ধরা পড়ছে। মাছ ধরতে পেরে তারা ভীষণ খুশি। 

কালিয়া উপজেলার পিরোলী গ্রামের বাসিন্দা গোলাম মোর্শেদ জানান, কালিয়া উপজেলায় অনেকগুলি বিল রয়েছে। তাছাড়া নবগঙ্গা নদীর সঙ্গে বিভিন্ন বিলের সংযোগ স্থাপন করেছে একাধিক খাল। সব মিলিয়ে নদী, খাল ও বিলে মাছ ধরা পড়ছে। এই এলাকায় শত শত ঘের রয়েছে। বৃষ্টিতে ঘের ভেসে যাওয়ায় ঘের মালিকরা নিঃস্ব হয়ে পড়েছে। এসব মাছ খাল, বিল ও নদীতে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন খাল ও বিলে অন্তত এক হাজার মানুষ মাছ ধরার আনন্দে মেতে উঠেছে। বিভিন্ন প্রজাতির পোনা মাছ, ঘেরে চাষকৃত, ১-৫ কেজি ওজনের রুই, মৃগেল, কাতল সহ অন্যান্য প্রজাতির মাছ, পোনা পাছ ও দেশীয় প্রজাতির কৈ, মাগুর, শোল, টাকি, পুঁটি, টেংরা, ভেদাসহ অন্যান্য প্রজাতির মাছ ধরা পড়ছে। 

জেলা মৎস্য কর্মকর্তা এইচএম বদরুজ্জামান বলেন, নড়াইল জেলায় দেশীয় প্রজাতির মাছের ঐতিহ্য রয়েছে। প্রতিবছরই দেশীয় প্রজাতির মাছ ধরার উৎসব চলে। গত ৩দিনের অবিরাম বর্ষণে জেলায় ৩ হাজারের অধিক পুকুর ও ঘের ভেসে গেছে। যার কারণে চাষকৃত বিভিন্ন প্রজাতির মাছ খাল-বিলে চলে গিয়েছে। এতে চাষিদের আনুমানিক ৬০ কোটি টাকার ক্ষয়- ক্ষতি হয়েছে। নড়াইল জেলায় ১০ হাজারের মতো পুকুর ও ঘের রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!