ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাত্র আন্দোলন : বাঁচানো গেল না গুলিবিদ্ধ রাতুলকে

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৩, ২৩ সেপ্টেম্বর ২০২৪
ছাত্র আন্দোলন : বাঁচানো গেল না গুলিবিদ্ধ রাতুলকে
শিশু জুনাইদ ইসলাম রাতুল। ছবি: সংগৃহীত

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ৪৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জুনাইদ ইসলাম রাতুল।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত রাতুল বগুড়া উপশহরের পথ পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। সে ওই এলাকার মুদি দোকানি জিয়াউর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাতুলের বাবা জিয়াউর রহমান।

Advertisement

জানা গেছে, ৫ আগস্ট সকালে বোন জেরিন সুলতানা ও ভগ্নিপতি আমির হামজার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয় রাতুল। একসময় মিছিল নিয়ে তারা বগুড়া সদর থানার অদূরে ঝাউতলার কাছে পৌঁছায়। তখন পুলিশ গুলি চালালে আহত হয় রাতুল।

রাতুলের বড় বোন জেরিন জানান, তার সঙ্গে যাওয়ার সময় হঠাৎ রাতুলের মাথায় চারটি ছররা গুলি লাগে। এরমধ্যে একটি গুলি বাম চোখের মধ্য দিয়ে মাথায় ঢুকে যায়। এরপর আরো অসংখ্য গুলি লাগে শরীরের বিভিন্ন জায়গায়। পরে বোন জেরিন ও ভগ্নিপতি তাকে অজ্ঞান অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যান। এরপর চিকিৎসকরা তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতলে নিতে বলেন। পরে ঢাকায় নেয়ার পর তার মাথায় অস্ত্রোপচার করা হয়। মগজের ভেতর থেকে একটি গুলি বের করেন চিকিৎসকরা। রাতুলের জন্য কৃত্রিমভাবে শ্বাস নেয়ার ব্যবস্থা করা হয়েছিল। এর আগে, চিকিৎসকরা জানিয়েছিলেন রাতুল বেঁচে ফিরলেও চিরদিনের জন্য দৃষ্টিশক্তি হারাতে পারে। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানোই গেল না।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!