কর্মকর্তা-আনসার সদস্যদের কুপিয়ে সোনালী ব্যাংকের টাকা লুট
গাজীপুরের জয়দেবপুরে সোনালী ব্যাংকের ৭ লাখ ৮৪ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই ব্যাংক কর্মকর্তা ও দুই আনসার সদস্য আহত হয়েছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শহীদ বরকত স্টেডিয়ামের পাশে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জয়দেবপুর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনালী ব্যাংকের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-শাখার ইনচার্জ আতিকা পারভীন সুরভী (৩৯) এবং ক্যাশ অফিসার ফারজানা নাজনীন সিমু (২৭), দুই আনসার সদস্য আল আমিন (৩০) ও রাজু মিয়া (৪০) টাকার ব্যাগ নিয়ে অটোরিকশায় করে জয়দেবপুর কোর্ট বিল্ডিং শাখায় যাচ্ছিলেন। এ সময় ৮-১০ জনের একটি দল মোটরসাইকেলে এসে তাদের পথরোধ করে।
দুর্বৃত্তরা অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে বাধা দেওয়ায় তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে দুই ব্যাংক কর্মকর্তা এবং আনসার সদস্যরা আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
.png)
জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) রাহেদুল ইসলাম জানান, ছিনতাইকারীরা টাকাসহ দ্রুত পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের ধরতে অভিযান চালানো হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্তের প্রক্রিয়াও চলছে।