মোবাইলে বাবা-মাকে যা বলেছিলেন ডেক ক্যাডেট সৌরভ
ডেক ক্যাডেট সৌরভ কুমার সাহা। দুর্গাপূজার ছুটিতে বাড়ি আসতে চেয়েছিলেন। মোবাইলে বাবা-মাকে বলেছিলেন তোমাদের সঙ্গে দেখা হবে পূজার ছুটিতে। কিন্তু না, সবই ওলট-পালট করে দিল আগুন। ছুটি নেয়ার আগেই চট্টগ্রামের পতেঙ্গায় জাহাজে লাগা আগুনে প্রাণ হারালেন তিনি।
সৌরভ ঝিনাইদহের শৈলকুপা উপজেলা কবিরপুর গ্রামের মানিক সাহার ছেলে সৌরভ কুমার সাহা। তার মর্মান্তিক মৃত্যুতে গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, সৌরভ নিম্নবিত্ত পরিবারের সন্তান। বাবা মানিক সাহা ছোট্ট একটা মুদি দোকান পরিচালনা করেন। তার দুই ছেলের মধ্যে বড় সৌরভ।
বাবা মানিক সাহা জানান, সৌরভ বরিশাল মেরিন একাডেমি থেকে পাস করে গত আগস্টে বাংলাদেশ শিপিং করপোরেশনে যোগ দিয়েছিলেন। তার চাকরির বয়স মাত্র দুই মাস। সব সামর্থ্য দিয়ে ছেলেকে লেখাপড়া করিয়েছিলেন তিনি। সেই স্বপ্ন মুহূর্তেই আগুনে পুড়ে গেছে।
সৌরভের প্রতিবেশী নিপুন বিশ্বাস বলেন, সৌরভ ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিল। তার বাবা খুব কষ্ট করে তাকে মেরিন ইঞ্জিনিয়ার পড়িয়েছিলেন।
সৌরভের দাদা শচীন বলেন, সে বলেছিল পূজার ছুটিতে বাড়িতে আসবে। কিন্তু তার আসা আর হলো না। আমাদের সব শেষ হয়ে গেছে।
প্রসঙ্গত, গত সোমবার চট্টগ্রাম বন্দরে নোঙর করা এমটি বাংলার জ্যোতি নামের একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখান থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ঝিনাইদহের সৌরভ রয়েছেন।