মঙ্গলবার (১ অক্টোবর) সকালে উপজেলার শান্তিরহাট এলাকা থেকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এর আগে রাতে এ ঘটনা ঘটে। নিহত সুজন মিয়া কুমিল্লার মুরাদনগর এলাকার কবির হোসেনের ছেলে। পরিবারের সঙ্গে চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় থাকতেন তিনি।
বুধবার (২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার এসআই আসাদুজ্জামান।
.png)
নিহত সুজনের ভগ্নিপতি মনির হোসেন বলেন, মঙ্গলবার ভোরে সুজনের বাবাকে ফোন দিয়ে বলা হয়- তার ছেলে ব্যাটারি চুরি করতে গিয়ে ধরা পড়েছে। খবর শুনে সুজনের বাবা ভোর সাড়ে ৬টার দিকে পটিয়ার শান্তিরহাটে গিয়ে ছেলেকে গুরুতর অবস্থায় দেখতে পান। এরপর স্থানীয় কয়েকজনের সহায়তায় সুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, সুজন বিয়ের অনুষ্ঠানে ওয়েটার হিসেবে কাজ করতেন। স্থানীয় কয়েকজন পিটুনি দিয়ে তাকে হত্যা করেছেন।
পটিয়া থানার এসআই আসাদুজ্জামান বলেন, নিহত যুবক কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জেনেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।