বিমানবন্দরে সোনা উদ্ধারের মামলায় যাত্রীর ১০ বছরের জেল
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা উদ্ধারের মামলায় লুৎফর রহমান নামে এক যাত্রীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রামের স্পেশাল ট্রাইবুন্যাল-১ এর বিচারক জাকির হোসাইনের আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত লুৎফর রহমান কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা গ্রামের ফেরদৌস আহম্মেদের ছেলে।
তিনি জামিনে গিয়ে পলাতক রয়েছেন বলে জানান আদালতের স্টেনোগ্রাফার দীপেন দাশ গুপ্ত।
মামলার নথি থেকে জানা গেছে, ২০১৮ সালের ১০ ডিসেম্বর সন্ধ্যায় শারজাহ থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন লুৎফর। ইমিগ্রেশন সম্পন্নের পর ব্যাগেজ নিয়ে কাস্টমসের গ্রীণ চ্যানেল অতিক্রম করার সময় তল্লাশিতে তার কাছ থেকে চারটি খেলনা গাড়ি উদ্ধার করা হয়। তবে তার বিরুদ্ধে আগে কোনো অভিযোগ না থাকায় ছেড়ে দেওয়া হয়। পরে কাস্টমসের সদস্যরা খেলনা গাড়িগুলো ভেঙে পূর্ণ ও ভাঙা অবস্থায় ৯০টি সোনার পাত উদ্ধার করেন। যার ওজন এক কেজি ৪০৬ গ্রাম। তৎকালীন মূল্য ৬০ লাখ টাকা।
এ ঘটনায় বিমানবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা অরবিন্দ মণ্ডল বাদী হয়ে পরদিন ১১ ডিসেম্বর নগরের পতেঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। মামলাটিতে ১১ জনের সাক্ষ্যগ্রহণ হয়।