ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পর পর ২ জাহাজে আগুন, ‘নাশকতা’ দেখছে বিএসসি

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৫, ৫ অক্টোবর ২০২৪
পর পর ২ জাহাজে আগুন, ‘নাশকতা’ দেখছে বিএসসি
ছবি: সংগৃহীত

একের পর এক জাহাজে অগ্নিকাণ্ড জাতীয় জ্বালানি নিরাপত্তা হুমকিতে ফেলার অপচেষ্টা বলে আশঙ্কা করছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক।

তিনি বলেন, কয়েকদিন আগে বাংলার জ্যোতিতে আগুন লেগেছিল। এরপর আগুন লাগল বাংলার সৌরভে। তাই আমরা ধারণা করছি- এ ঘটনা জাতীয় জ্বালানি নিরাপত্তা হুমকিতে ফেলার অপচেষ্টা। এ ঘটনায় কারা জড়িত তা শনাক্ত করা উচিত।

শনিবার (৫ অক্টোবর) সকালে বিএসসির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানান তিনি।

Advertisement

মাহমুদুল মালেক বলেন, রাত সাড়ে ১২ টায় জাহাজে কোনো কাজ ছিল না। জাহাজে চারটা পয়েন্টে আগুন দেখা যায়। তাই আমাদের আশঙ্কা নাশকতা।

তিনি বলেন, বাংলার সৌরভে ১১ হাজার ৫৫ টন অপরিশোধিত তেল ছিল। ৪৮ জন ক্রু ও ওয়াচম্যান ছিল। তাদের জীবিত উদ্ধার করা হয়। এরমধ্যে বিএসসির স্টুয়ার্ট সাদেক মিয়া হাসপাতালে নেয়ার পথে মারা যান। বিএসসির টেকনিক্যাল ডিরেক্টরকে প্রধান করে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩০ হাজার টনের একটি বিদেশি জাহাজ চাটারিং করা হয়েছে। এসপিএম চালু হলে লাইটারিং বন্ধ হবে।

তিনি আরো বলেন, এটি লাস্ট সার্ভিস হওয়ার কথা ছিল বাংলার সৌরভের। নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দরের সাতটি টাগ একযোগে কাজ করে। আগুন নেভানোর দেড়ঘণ্টা পর আবার আগুন ধরে যায়।

শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বাংলার সৌরভে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর বিএসসির আরেক জাহাজ ‘বাংলার জ্যোতি’তে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। আগুন নেভাতে কাজ করে নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড, কর্ণফুলী টানেল, বন্দর ও ফায়ার সার্ভিস।

এ ঘটনায় তিনজন নিহত হন। তারা হলেন- বিএসসির নিজস্ব মেরিন ওয়ার্কশপের চার্জম্যান চট্টগ্রামের নুরুল ইসলাম, দীর্ঘ দুই যুগের বেশি বিএসসিতে শ্রমিক হিসেবে কাজ করা কিশোরগঞ্জের মোহাম্মদ হারুন, বরিশাল মেরিন একাডেমি থেকে পাস করে বের হওয়া ঝিনাইদহের ক্যাডেট সৌরভ কুমার সাহা। আগুন নেভাতে গিয়ে আহত হন বন্দরের কাণ্ডারী ১০ টাগ বোটের লস্কর মোহাম্মদ সোহেল রানা। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তদন্ত কমিটির প্রতিবেদনে নাশকতার বিষয় নিশ্চিত হলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান বিএসসির এমডি।

বছরে বিপিসির ১২ থেকে ১৪ লাখ টন অপরিশোধিত তেল পরিবহন করে বিএসসি। বড় জাহাজে বিদেশ থেকে এসব তেল আমদানি করে বহির্নোঙরে আনা হয়। এরপর সাগরে বিএসসির বাংলার জ্যোতি ও বাংলার সৌরভে লাইরারিং করে কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে ইস্টার্ন রিফাইনারিকে দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!