ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় পানিবন্দিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ 

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৬, ৫ অক্টোবর ২০২৪
নেত্রকোণায় পানিবন্দিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ 
নেত্রকোণায় পানিবন্দিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ। ছবি: ডেইলি বাংলাদেশ

ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী ও কংস নদীর পানি বৃদ্ধি পেলেও এখনো  বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদী তীরবর্তী গ্রামগুলোতে প্রবেশ করেছে পানি। 

ঢলের পানিতে উপজেলার কুল্লাগড়া, গাওকান্দিয়া চন্ডিগড় ও কাকৈরগড়া ইউনিয়নের প্রায় বিশ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। 

শনিবার বিকেলে পানিবন্দি এইসব এলাকা পরিদর্শন করেন নেত্রকোণা জেলা প্রশাসক বনানী বিশ্বাস। এ সময় তিনি উপজেলার কাঁকৈরগড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখেন। পরে রামবাড়ী গ্রামে শতাধিক মানুষের মাঝে শুকনা খাবার, চাল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন। 

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মুস্তাফিজুর রহমান, দুর্গাপুর থানার ওসি সাইফুল ইসলাম। 

এদিকে পানি উন্নয়ন বোর্ডের সূত্র বলছে, গত ২৪ ঘণ্টায় নেত্রকোণার জারিয়া পয়েন্টে ২৫০ মিলিমিটার ও দুর্গাপুর পয়েন্ট ১৮৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। 

শনিবার (৫ অক্টোবর) বিকেল তিনটা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, কলমাকান্দা উপজেলায় উব্দাখালী নদীর পানি ডাকবাংলা পয়েন্টে বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

এছাড়াও জেলার অন্যতম প্রধান নদী সোমেশ্বরী নদীর পানি বিজয়পুর পয়েন্টে বিপৎসীমার ৩৩৭ সেন্টিমিটার ও দুর্গাপুর পয়েন্ট ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

পূর্বধলায় কংস নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার প্রবাহিত হচ্ছে। এছাড়াও খালিয়াজুরিতে ধনু নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২০৩ সেন্টিমিটার প্রবাহিত হচ্ছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!