জাহাজে আগুনের ঘটনা তদন্তে ৮ সদস্যের কমিটি
চট্টগ্রামের পতেঙ্গায় তেলবাহী জাহাজ বাংলার সৌরভে অগ্নিকাণ্ডের ঘটনায় আট সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।
শনিবার দুপুরে বিপিসির সচিব আবু সাফায়াত মোহাম্মদ শাহেদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।
বিএসসির নির্বাহী পরিচালক (প্রযুক্তি) প্রকৌশলী মোহাম্মদ ইউসুফকে সভাপতি ও মহাব্যবস্থাপক (ডিপিএ অ্যান্ড সিএসও) মঈন উদ্দিন আহাম্মদ মজুমদারকে সদস্য সচিব করে এ কমিটি করা হয়।
.png)
কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে অগ্নিদুর্ঘটনার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধান এবং এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি করে বিএসসির ব্যবস্থাপনা পরিচালককে জমা দিতে বলা হয়েছে।
কমিটিতে থাকা অন্যরা হলেন- বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ও ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিএসসির পরামর্শক ক্যাপ্টেন রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক (ওয়ার্কশপ) মোহাম্মদ আহসান-উল-করিম, মহাব্যবস্থাপক (কার্গো সুপারভিশন অ্যান্ড অপারেশন) ক্যাপ্টেন জামাল হোসেন তালুকদার এবং মহাব্যবস্থাপক (জাহাজ মেরামত) মঈন উদ্দিন আহাম্মদ মজুমদার।
শুক্রবার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। জাহাজটিতে অপরিশোধিত ১১ হাজার ৫৫ টন তেল ছিল। তেলের কোনো ক্ষতি না হলেও প্রাণহানি হয়েছে একজনের।