ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধর্ষণ ও হত্যার দায়ে ২ যুবকের যাবজ্জীবন

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৬, ৭ অক্টোবর ২০২৪
ধর্ষণ ও হত্যার দায়ে ২ যুবকের যাবজ্জীবন
সাজাপ্রাপ্ত আসামি নুর আলম ও সজীব হোসেন -ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের কচুয়া বড় হায়াতপুর গ্রামে জান্নাতুন নাঈম মিশু (১৫) নামে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার দায়ে নুর আলম (২৬) ও সজীব হোসেন (১৯) নামে ২ যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুল হান্নান এ রায় দেন। এছাড়াও অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক ২০১/৩৪ ধারায় আসামিদের আরো ৭ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। আসামিদের উভয় সাজা একসঙ্গে চলমান থাকবে আদেশে বলা হয়।

হত্যার শিকার কিশোরী জান্নাতুল নাঈম মিশু উপজেলার বড় হায়াতপুর গ্রামের প্রবাসী মো. আবু হানিফের মেয়ে।

Advertisement

সাজাপ্রাপ্ত আসামি নুর আলম বড় হায়াতপুর গ্রামের মনির হোসেনের ছেলে এবং সজীব হোসেন জেলার ফরিদগঞ্জ উপজেলার গাব্দেরগাঁও গ্রামের আমির হোসেনের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২০ সালের ৩১ জুলাই শুক্রবার দুপুরে কিশোরী জান্নাতুন নাঈম মিশু বাড়ির পাশে নিজেদের পালিত ছাগলের জন্য ঘাস কাটতে যায়। সেখানে উভয় আসামি তাকে প্রথমে ধর্ষণ এবং পরে হত্যা করে পালিয়ে যান। এই ঘটনায় কিশোরীর মা ফাতেমা বেগম ৩ আগস্ট কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলাটির তদন্ত করেন কচুয়া থানার তৎকালীন এসআই মো. মকবুল হোসেন। তদন্ত শেষে তিনি একই বছরের ২৯ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুল ইসলাম মন্টু বলেন, মামলাটি ৪ বছর চলাকালীন অবস্থায় আদালত ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন। মামলার সাক্ষ্যগ্রহণ ও নথিপত্র পর্যালোচনা করে আসামিদের অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের উপস্থিতিতে এ রায় দেন।

বাদী পক্ষের আইনজীবী ছিলেন আব্দুল্লাহ আল মামুন ও রিয়াদ হোসেন মুনতাসির। আসামিপক্ষের আইনজীবী ছিলেন মাসুম হোসেন ভূঁইয়া।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!