ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই, গ্রেফতার ৩

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৫, ১২ অক্টোবর ২০২৪
চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই, গ্রেফতার ৩
গ্রেফতারকৃত মো. মুনছুর প্রাং, মো. স্বপন ইসলাম সাগর ও মোছা. অঞ্জনা আক্তার মুক্তি -ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার কাহালুতে যাত্রীবেশে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার দেওগ্রাম থেকে ১৫০ গজ উত্তরে তালোড়া সড়কে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া সদর উপজেলার মহিষবাতান গ্রামের মো. মিলনের ছেলে মো. মুনছুর প্রাং (২৫), মো. স্বপন ইসলাম সাগর (২৬) ও শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর গ্রামের আ. মজিদের মেয়ে মোছা. অঞ্জনা আক্তার মুক্তি (১৯)।

Advertisement

পুলিশ জানায়, ঘটনার দিন নাটোরের সিংড়া উপজেলার মো. জাহিদুল আলীর ছেলে মিনহাজ তার ইজিবাইক নিয়ে কাহালু উপজেলার এরুইল বাজারে অবস্থান করছিলেন। সন্ধ্যার দিকে তালোড়া যাওয়ার কথা বলে চারজন অজ্ঞান পার্টির সদস্য তার ইজিবাইক ভাড়া করেন। তারা কৌশলে চেতনানাশক ওষুধ পান করিয়ে মিনহাজকে অজ্ঞান করে ইজিবাইক নিয়ে পালানোর সময় জনতা তিনজনকে আটক করে। পরে কাহালু থানায় খবর দিলে পুলিশ তাদের গ্রেফতার করে থানায় আনে এবং মিনহাজকে হাসপাতালে ভর্তি করে।

কাহালু থানার ওসি মো. শাহীনুজ্জামান জানান, এ ঘটনায় মিনহাজের বড় ভাই বায়োজিদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় ওই তিনজনকে গ্রেফতার দেখিয়ে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!