গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর দাবি ‘আত্মহত্যা’
চট্টগ্রামের মীরসরাইয়ে রোজিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের স্বামীর দাবি, আত্মহত্যা করেছেন রোজিনা।
শনিবার (১২ অক্টোবর) রাতে পৌরসভার ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোজিনা আক্তার জামালপুরের মালিপাড়া এলাকার জহুরুল ইসলামের স্ত্রী। স্বামীর চাকরির সুবাদে সন্তানকে নিয়ে ডাকবাংলো এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
স্বামী জহুরুলের বরাতে জানা গেছে, মীরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চলের একটি প্রতিষ্ঠানে কর্মরত জহুরুল। শনিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনা নিয়ে স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয় রোজিনার। একপর্যায়ে পাশের রুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরিফুল হুদা বলেন, হাসপাতালে আনার আগেই রোজিনা আক্তারের মৃত্যু হয়েছে। গলার ফাঁসের এবং ঠোঁটের নিচে কাটা দাগ রয়েছে। রোজিনার স্বামীর ভাষ্যমতে- তিনি যখন গলায় ফাঁস দিয়েছিলেন, তখন তাকে নামানোর সময় নিচে পড়ে গিয়ে ঠোঁটের নিচে কেটে গেছে।
মীরসরাই থানার এসআই মোহাম্মদ শহীদুল্লাহ মামুন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।