ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:০০, ১০ অক্টোবর ২০২৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট
ছবি: সংগৃহীত

টানা চারদিনের ছুটিকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বেড়েছে যানবাহন ও যাত্রীর চাপ। ফলে ভোর থেকে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। পাশাপাশি টিকিট কাউন্টারগুলোতে যানবাহনের জন্য যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সরেজমিনে গিয়ে এমনই চিত্র চোখে পড়ে।

সকাল সাড়ে ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কের শিমরাইল মোড় থেকে বন্দরের লাঙ্গলবন্দ এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট রয়েছে। বাকি অংশে তীব্র যানজট না থাকলেও যানবাহন ধীরগতিতে চলাচল করছে। তবে মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Advertisement

যাত্রী মো. আল-আমীন বলেন, দেড় ঘণ্টায় তিনি কাঁচপুর ব্রিজ অংশে পৌঁছাতে পেরেছেন। বাকি পথ পাড়ি দিতে আরও কতক্ষণ লাগে কি জানি।

 আরেক যাত্রী আশরাফুল বলেন, টানা চারদিনের ছুটি পেয়ে পরিবার নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছি। কিন্তু যানজটের কারণে আনন্দটা মাটি হয়ে গেছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক বলেন, একদিকে টানা ছুটিকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ, আরেকদিকে মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় খানাখন্দের কারণে যানবাহনগুলো যথাসময়ে এক স্থান থেকে আরেক স্থান যেতে পারছে না। এর ফলে এই যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনে আমরা কাজ করছি। আশা করছি, খুব শিগগিরই যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!