বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পটিয়া-আনোয়ারা-বাঁশখালী সড়কের সাধনপুর ইউপির নতুনদীঘি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মহেশখালী উপজেলার সৈকত বড়ুয়ার মেয়ে রশ্মি বড়ুয়া (৩) ও একই উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ওয়াসিফ রায়হান (১৬)।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম শহর থেকে সিএনজি অটোরিকশাযোগে মহেশখালী ফেরার পথে বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের নতুনদীঘি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে গ্যাসবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুইজন নিহত হন। গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। আহত ও নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।
আহতরা হলেন মহেশখালীর হোয়ানক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য গোলাম কুদ্দুস (৬৮), নিহত শিশু কন্যার মাতা প্রিয়ন্তি বড়ুয়া (২১) ও সিএনজি অটোরিকশা চালক জাবের আহমদ (১৯)।
সাধনপুর ইউপি চেয়ারম্যান কে এম সালাহউদ্দিন কামাল বলেন, গ্যাসবাহী ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। তবে ঘাতক চালক পলাতক রয়েছে।
বাঁশখালী রামদাস হাট পুলিশ ফাঁড়ির এসআই শাখাওয়াত হোসেন জানান, লরির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।