ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে মাহিন্দ্রচাপায় প্রাণ গেল সাংবাদিক কুরবান আলীর

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৪, ১৬ অক্টোবর ২০২৪
জামালপুরে মাহিন্দ্রচাপায় প্রাণ গেল সাংবাদিক কুরবান আলীর
সাংবাদিক কুরবান আলী। ছবি: সংগৃহীত

জামালপুরে মাহিন্দ্রচাপায় কুরবান আলী (৬২) নামে স্থানীয় এক সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেলান্দহ উপজেলার শাহজাদপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুরবান আলী মেলান্দহ উপজেলার বীর হাতিজা গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে। তিনি দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি ও ইসলামপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি। এ ছাড়া তিনি কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা ও জেলা পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেলান্দহ উপজেলার শাহজাদপুর খানবাড়ী মোড়ে মোটরসাইকেল থামিয়ে মোবাইলে কথা বলছিলেন সাংবাদিক কুরবান আলী। এ সময় ইসলামপুর থেকে আসা জামালপুরগামী একটি মাহিন্দ্রা সাংবাদিক কুরবান আলীকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

নিহত কুরবান আলীর ছোট ভাই ইদ্রিস আলী ধনী বলেন, মোবাইলে খবর পাই বড় ভাই অ্যাকসিডেন্ট করেছে। পরে মেলান্দহ হাসপাতালে এসে তার লাশ দেখতে পাই।

মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মৌসুমি আক্তার বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!